👁 487 Views

ঢাকায় চুরি হওয়া প্রায় ৩৫ লাখ টাকার মালামাল গাইবান্ধা থেকে উদ্ধার

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ ঢাকার বংশালের একটি ট্রান্সপোর্ট এজেন্সির চুরি হওয়া প্রায় ৩৫ লাখ টাকার মালামাল গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে একটি কুরিয়ার সার্ভিসের ঢাকার বংশাল থেকে প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ড্রাইভার সুমন মিয়া সাভারে যাওয়ার জন্য বের হয়। কিন্তু সাভারে না নিয়ে, তিনি এজেন্সির গাড়ি ও মালামাল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) রাতে এজেন্সির পক্ষ থেকে বংশাল থানায় একটি মামলা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বংশাল থানা পুলিশ আজ শনিবার দুপুরে ড্রাইভার সুমনের গ্রামের বাড়ি গাইবান্ধার বেড়াডাঙা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি গুদাম থেকে বিভিন্ন ধরনের কাপড়, ইলেক্ট্রনিক পণ্যসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে।
ঢাকা বংশাল থানার পুলিশ পরিদর্শক রমেশ রায় বলেন, দুইদিন আগে গুদামটি ভাড়া নিয়ে এসব মালামাল রেখে যায় ড্রাইভার সুমন।
চুরি হওয়া অন্যান্য মালামাল ও এজেন্সির গাড়ি উদ্ধার এবং ড্রাইভার সুমনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *