
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর মো. ভোলা মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ এক সপ্তাহের উৎকণ্ঠার পর তাকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মাঝে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত খেরাজ আলীর ছেলে মো. ভোলা মিয়া গত ২৫ জুলাই ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে ভোলা মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ আগস্ট উপজেলার বেড়াডাঙ্গা গ্রামে ভোলা মিয়ার নাতি মো. নাবিদ মোস্তফা জিসানের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।
পুলিশের এ উদ্যোগে নিখোঁজ বৃদ্ধকে দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা এ ঘটনায় পলাশবাড়ী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।