
নাটোর প্রতিনিধি ;: নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে ৪০০ পাখি শিকারের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ। রোববার রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামের হাটবিলা বিলে স্থানীয় বাসিন্দা বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিকুর রহমান (২৪), মো. ইসলাম (২৬) ও সজীব হোসেন (৩২) ফাঁস জালসহ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে ৪০০ শালিক শিকার করেন। প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাখি শিকারের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন মিডিয়ার অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হলে বন বিভাগ বিষয়টি জানতে পারে এবং তদন্ত শেষে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়। এজাহারে জাহিদুল ইসলাম উল্লেখ করেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডে বন্য প্রাণী ও পরিবেশের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে অভিযোগ আনা হয়েছে।