
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার সাঁথিয়ায় পুর্ব শত্রুতার জেরে জুয়েল রানা (৩৪) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জুয়েল রানা সাঁিথয়া উপজেলার বলরামপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
শনিবার (৪ জুলাই) রাতে সাঁিথয়া উপজেলার জোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ভাই মোক্তার হোসেন বাদী হয়ে সাঁিথয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দাায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, একই উপজেলার চরকলাগাছী গ্রামের মো. হবির ছেলে রাসেল (৩৪), জয়েনের ছেলে শাহীন (৩৫), মো. হবি (৫৮), মো. আলী (৪৫), মো. হালিম (৪৫), মো. আলীর ছেলে রাজ্জাক (২৫) ও ওয়ালিদ (২২)।
এজাহার সূত্রে জানা যায়, জুয়েল রানা শনিবার রাতে পাশের চব্বিশ মাইল বাজার থেকে ভ্যান নিয়ে কাশিনাথপুর মোড়ের দিকে ফিরছিলেন। জোলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল রানা দাবি করেন, কয়েক বছর আগে তার সাবেক স্ত্রীর সঙ্গে অভিযুক্ত রাসেলের সম্পর্কের বিষয়টি জানতে পেরে তিনি স্ত্রীকে তালাক দেন। সেই ঘটনার জেরেই তার ওপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, হামলায় তার হাত-পা গুরুতর ক্ষত হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
আহতের বোন সুফিয়া খাতুন বলেন, তার ভাই একজন ভ্যানচালক এবং কোনো বিরোধে জড়িত ছিলেন না। হামলাকারীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে রাস্তার পাশের পাটক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আহতের ভাই মোক্তার হোসেনও পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িদের গ্রেফতারের দাবি জানান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় একটি অসম্পূর্ণ লিখিত অভিযোগ দিয়েছে। আহতের চিকিৎসা নিয়ে তারা ব্যস্ত থাকায় পূর্ণাঙ্গ অভিযোগ এখনও জমা পড়েনি। পূর্ণাঙ্গ অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।