
আশিকুর রহমান সবুজ,গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড নামক একটি কারখানায় কর্মরত অবস্থায় লিজা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থতা সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে জোরপূর্বক কাজ করিয়েছে—এমন অভিযোগে সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার সামনে বিক্ষোভ করেছেন সহকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, বুধবার দিবাগত রাতে কারখানায় কর্মরত অবস্থায় লিজা আক্তার অসুস্থ বোধ করেন। তিনি কর্তৃপক্ষের কাছে অসুস্থতার কথা জানিয়ে ছুটির আবেদন করলেও তাকে ছুটি দেওয়া হয়নি। কর্মস্থলে থাকাকালীন এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। সকালে সহকর্মীরা মৃত্যুর খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত কর্মঘণ্টা চাপিয়ে দেওয়া, মানসিক চাপ সৃষ্টি এবং নিয়মিত হয়রানি করে আসছে। এই ঘটনার প্রতিবাদে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকরা জানান, রাতে লিজা আক্তার অত্যন্ত ক্লান্ত ছিলেন। তিনি বারবার অনুরোধ করলেও কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। এক পর্যায়ে তিনি কাজ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। শ্রমিকরা নিহতের ঘটনার বিচার দাবি করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”