👁 397 Views

মাদারীপুরে নিহত ৫ পরিবারের পাশে জেলা প্রশাসন

ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। সোমবার(২৫ মে) দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
জানা গেছে, রবিবার সকালে ভাঙায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় মস্তফাপুর ইউনিয়নের বালিয়া মোল্লাবাড়ি গ্রামের একই পরিবারের চার সদস্য নিহত হন। তারা হলেন জাহাঙ্গীর মোল্লা, তার স্ত্রী বেলি আক্তার, আলমগীর মোল্লা ও তার স্ত্রী খুশি মোল্লা। এছাড়া দুর্ঘটনায় নিহত হন অ্যাম্বুলেন্সচালক কাওছার মাতুব্বর। তিনি মাদারীপুর সদর উপজেলার সৈয়দাবালী গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে।
সোমবার দুপুরে ইউএনও ওয়াদিয়া শাবাব নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ওয়াদিয়া শাবাব বলেন, এই দুর্ঘটনায় পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *