
ইয়ানূর রহমান : যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযানে জাল নোটসহ হাসানুজ্জামান নামে একজন চোরাচালানী ও বিষাক্ত মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হাসানুজ্জামান (৩০) যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছেন, রবিবার রাতে কায়বা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ একজন চোরাচালানীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ৪৩ হাজার টাকা। এর পরে সোমবার (৯ মার্চ) সকাল ১০টার সময় আরেকটি অভিযান পরিচালনা করে একই কায়বা সীমান্তের দাদখালী গ্রামের মধ্যে থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মাদক) এবং একটি বাইসাইকেল জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালানী মালামাল ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ বিজিবির অধিনস্থ্য কায়বা বিওপি’র সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে জাল নোট ও মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। আটককৃত আসামীকে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, জাল টাকা ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।#