👁 351 Views

সেনবাগে টিকা নিতে আসা রোগীর কাছ থেকে ১০০ টাকা নেওয়ার অভিযোগ, স্বাস্থ্য সহকারীকে শোকজ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ইপিআই টিকা নিতে আসা এক রোগীর কাছ থেকে ১০০ টাকা নেওয়ার অভিযোগে গোলাম রব্বানী নামে এক স্বাস্থ্য সহকারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়। গোলাম রব্বানী সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর সেনবাগের কাবিলপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ইপিআই টিকা নিতে আসা কাজল নামের এক রোগীর কাছ থেকে তিনি ১০০ টাকা গ্রহণ করেছেন বলে সাংবাদিকসহ বিভিন্ন মহল অভিযোগ করেন। সরকারি কাজে এ ধরনের অর্থ গ্রহণের অভিযোগকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং কর্তব্যে অবহেলা ও দায়িত্ব পালনে অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজের স্বাক্ষরিত নোটিশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন, নোয়াখালীর কাছেও পাঠানো হয়েছে।