
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
অন্যদিকে, ১৪ নভেম্বর রাত ১টার দিকে বাউতলা বিওপির টহলদল দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যচর এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১০৭৮/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ১৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”