
মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি- শুক্রবার ১৩ নভেম্বর : ঝিনাইদহের মহেশপুরে আর্থিক লেনদেন নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদ নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুড়াদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুড়াদহ গ্রামের মাঠে পাশাপাশি জমিতে পাকা কলাই কাটছিলেন ওই গ্রামের নূর মোহাম্মদ ও জসিম উদ্দিন। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের স্বামী বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.