
লিমন হায়দারঃ সারাদেশে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অবৈধ কার্যক্রম এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও কারা নির্যাতিত নেতা ফরিজার রহমান তপুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
গত মঙ্গলবার(১০ নভেম্বর)সন্ধ্যা ৬টায় পার্বতীপুরের ধাপের বাজার থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়।পরে মিছিল ও মোটরসাইকেল বহরটি কয়লাখনি বাজার, ভবানীপুর বাজার ও চৌপতি বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলের পূর্বে সমাবেশে ফরিজার রহমান তপু বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে,তাদের কঠোর ভাষায় সতর্ক করে দিতে চাই।বিএনপির দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত।পলাতক ও স্বৈরাচারী শেখ হাসিনা আর কখনো এ দেশের রাজনীতিতে ফিরতে পারবে না।”
তিনি আরও বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। দেশ যখন নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে,তখন পরাজিত স্বৈরাচারের প্রেতাত্মারা নানা চক্রান্ত চালাচ্ছে।যুবদল ও বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে থাকবে।”