👁 134 Views

প্রান্তিক শিশুদের লালনের গান শেখাচ্ছে ‘মায়ের তরী’, মুগ্ধ ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক

রংপুর ব্যুরো: লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রান্তিক শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে মানবিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছে ‘মায়ের তরী’। সংগঠনটির উদ্যোগে শিশুদের লালনের গান ও বিভিন্ন বাদ্যযন্ত্র শেখানোর পাশাপাশি ছোটবেলা থেকেই তাদের মধ্যে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
মায়ের তরীর এসব কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছেন ব্র্যাকের বর্তমান উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর (Arinjoy Dhar)। গতকাল রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মায়ের তরী সংগঠনটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় শিশুদের কণ্ঠে লালনের গান শুনে মুগ্ধ হন অরিঞ্জয় ধর।
তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে লালনের গানের দর্শন ও মানবধর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। লালনের গানের মূল দর্শন ও মানবিক মূল্যবোধ সম্পর্কে শিশুরা জানতে পারলে তারা ভবিষ্যতে আরও ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
অরিঞ্জয় ধর বলেন, লালনের গান ও সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বড় হওয়ার পর কেন অনেকের মধ্যে সাংস্কৃতিক চর্চা হারিয়ে যায়, সেটিও খুঁজে দেখা প্রয়োজন। শিশুদের এই চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত বেশি শিশু গান শিখবে এবং এই সংস্কৃতি ছড়িয়ে পড়বে, তত বেশি মানুষ মানবিক মূল্যবোধে গড়ে উঠবে।
লালনের গান ও লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখতে মায়ের তরীর এমন কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর।
এ সময় মায়ের তরীর নির্বাহী পরিচালক সুজন কুমার বেদ, সংস্কৃতি ও লোকসংগীত বিষয়ক উপদেষ্টা ইউসুফ আলমগীরসহ সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।