
ইয়ানূর রহমান ; যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কেশবপুর শহরে মিছিল বের করার পর তাদের চিহ্নিত করে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম মোস্তফা, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এলিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বাবু, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক খোলাডাঙ্গা সরদারপাড়া এলাকার মিজানুর রহমান সরদার, রামকৃষ্ণপুর গ্রামের তবিবার মোল্যা এবং চাঁচড়া ডালমিল এলাকার ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কেশবপুর-পাঁজিয়া সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ৮ থেকে ১০ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শ্রীগঞ্জ ব্রিজের কাছ থেকে শুরু হয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পরে মিছিলে অংশ নেওয়া আটজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপতৎপরতা করতে দেওয়া হচ্ছে না। কেউ চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হচ্ছে। পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান চলমান রয়েছে।#