
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার দুপুরে আত্রাই নদের কলোনীপাড়া এলাকায় পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন ৪৮,নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, এ্যাডভোকেট শিপলু প্রমূখ।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবণভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ প্রকল্পের আওতায় আত্রাই নদে ও চকহরিবল্লভ আবাসন প্রকল্পের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।