
ভালুক ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় নদীতে ডুবে তৌফিজ উদ্দিনের মৃত্যু মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথারের মরা নদীতে ডুবে তিনি মারা যান। নিহত তৌফিজ উদ্দিন উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের নূর বক্সের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তৌফিজ উদ্দিন কাজের ফাঁকে প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যেতেন। মঙ্গলবার সকালে মাছ ধরার জন্য উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথারে যান তিনি। মাছ ধরার একপর্যায়ে সাঁতরে মরা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান তৌফিজ। পরে অন্য মাছ শিকারিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত তৌফিজের লাশ থানায় নিয়ে আসে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, নদীতে ডুবে মারা যাওয়া তৌফিজ উদ্দিনের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।