
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল ইসলামের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার ডুগডুগীহাটে এই কর্মসূচি পালন করেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এদিন আসর নামাজের পর ডুগডুগীহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাতেম মোড়ে এসে পথসভায় অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীর মোফাখখায়ের ইসলাম ও ইউনিয়ন আমীর শাহানুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের লক্ষ্যে জনমত গঠন করা হচ্ছে। তারা দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বক্তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষ উন্নয়ন ও দুর্নীতিরোধে পরিবর্তনের আশা করছে। তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তি পূর্ণভাবে প্রচার- প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। মিছিলে উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ গ্রহন করেন।