
রুহেল উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁ :
নওগাঁর আত্রাই উপজেলায় ভূমি উচ্ছেদের পর অসহায় হয়ে পড়া মীরা রানীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
জানা গেছে, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে একটি ভূমি উচ্ছেদ মামলার রায় কার্যকর হওয়ার পর মীরা রানী বসতভিটা থেকে উচ্ছেদ হন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তিনি বাড়ির আসবাবপত্র নিয়ে রাস্তার পাশে মানবেতর অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এলে উপজেলা প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মীরা রানীর খোঁজখবর নেন। তাৎক্ষণিকভাবে তিনি শুকনো খাবারসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে নৈদিঘী গুচ্ছগ্রামে একটি ঘর বরাদ্দ দেন, যাতে মীরা রানী নতুন করে বসবাস শুরু করতে পারেন।
এ মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মীরা রানী। তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি একেবারে অসহায় হয়ে পড়েছিলাম। ইউএনও স্যার পাশে না দাঁড়ালে কোথায় থাকতাম জানি না।”
স্থানীয় বাসিন্দারা ইউএনওর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন সহযোগিতা অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।