👁 332 Views

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা-গ্রেফতার ১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে|

১৭ জনসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে শনিবার রাতে বাঘা থানায় মামলাটি দায়ের করেন আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাসিন্দা রোয়াজ প্রামাণিকের ছেলে জিয়াউল হক জিয়া|

বাঘায় এই নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আড়ানী বাজার সংলগ্ন বড়াল নদের পূর্বে তালতলা নামক স্থানে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পেট্রোল ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়| এতে কার্যালয়ের ভেতরে থাকা টিভি, আসবাবপত্র ও দলীয় প্রধানের টানানো ছবি, ˆবদ্যুতিক মিটার, তার সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়|

প্রথমদিকে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তদন্তে সেই আলামত পাওয়া যায়নি| তবে ফ্যাসিস্ট সরকারের সমর্থিত লোকজনের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে মামলায়|

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রোববার পৌরসভার পিয়াদা পাড়া গ্রামের বাদল প্রামাণিকের ছেলে এরশাদ আলীকে গ্রেপ্তার করেছে| পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়|

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে| বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে| তিনি আরও বলেন, “বর্তমানে বাঘা থানা এলাকার পরিবেশ শান্ত রয়েছে| আইন-শৃঙ্খলা রক্ষায় শান্ত পরিবেশ বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে|”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *