👁 215 Views

ঘোড়াঘাটে কৃষক কার্ড কার্যক্রম শুরু

 

ঘোড়াঘাট,প্রদিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে পালশা ইউনিয়নের প্রায় ৩ হাজার কৃষক এ সুবিধার আওতায় আসছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার পালশা ইউনিয়নের বলাহার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৩৫ হাজার কৃষক রয়েছেন। প্রাথমিকভাবে পালশা ইউনিয়নকে তিনটি ইউনিটে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রায় ৩ হাজার কৃষকের আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমেদ সাদ্দাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আবেদন করতে আসা এক কৃষক বলেন, আগে বিভিন্ন সরকারি সুবিধা পেতে ভোগান্তিতে পড়তে হতো। কৃষক কার্ড চালু হলে এসব সুবিধা পাওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী বলেন, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি কার্যক্রমটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। ভবিষ্যতে এ কার্ডের মাধ্যমে সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ ও অন্যান্য সেবা আরও সহজে নিশ্চিত করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *