👁 187 Views

শ্রীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ: চরম ভোগান্তি

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন চালকরা। রোববার (২৫ জানুয়ারি) সকালে শ্রীপুর থানাধীন তুলা গবেষণা কেন্দ্রের সামনে মহাসড়ক অবরোধের ফলে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
‎​
‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর থানাধীন পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০-২৫০ জন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন। এসময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কের ওপর আড়াআড়িভাবে রিকশা রেখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।
‎​
‎অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো সমাধান না পেয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
‎​
‎খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পুলিশ চালকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
‎​
‎এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, “সকাল সাড়ে আটটার দিকে চালকরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পাওয়ামাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *