👁 369 Views

সেনবাগে ডমুরুয়া বালিকা  বিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী  সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:  নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া জেড এ চৌধুরী (জাফর আহমদ চৌধুরী) বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শনে আসেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মহি উদ্দিন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়টির নাম পরিবর্তন করে “বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বালিকা উচ্চ বিদ্যালয়” নামকরণের জোর দাবি জানান।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ জয়নুল আবদিন ফারুক শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে বিদ্যালয়টির নাম তাঁর নামে নামকরণ করা উচিত।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নাম পরিবর্তনের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

পরিদর্শন শেষে উপ-বিদ্যালয় পরিদর্শক মহি উদ্দিন উপস্থিতদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাদের দাবির প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেন।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বেলায়েত হোসেন জানান , ১৯৯০ সালে দাতা সদস্য মুজিবুল হক ১৮ শতাংশ এবং ক্বারী জয়নাল আবদিন ৪ শতাংশসহ মোট ২২ শতাংশ জমি দান করলে ‘ডমুরুয়া বালিকা বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রধান শিক্ষক ছিলেন আবদুল হাই।

পরবর্তীতে প্রধান শিক্ষকের প্রস্তাবনার ভিত্তিতে ২০১২ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ জাফর আহমদ চৌধুরীর নামে রাখা হয়।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার কর্তৃক বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পুনর্বিবেচনার প্রেক্ষাপটে বিদ্যালয়টির নাম থেকে জাফর আহমদ চৌধুরীর নাম বাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের নামে নামকরণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *