👁 321 Views

ঘোড়াঘাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

ঘোড়াঘাট, প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে নবীর হোসেন (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভার সাগরপুর দক্ষিণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন স্থানীয় ভ্যানচালক মোহাম্মদ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন মোহাম্মদ আলী। পরে বাড়ি থেকে অল্প দূরে অবস্থিত একটি পুকুরে পালিত হাঁস আনতে যান তিনি। এ সময় পরিবারের অজান্তেই ছোট্ট নবীর বাবার পিছু নেয়। তবে বিষয়টি পরিবারের কেউ টের পাননি।

কিছুক্ষণ পর মোহাম্মদ আলী হাঁস নিয়ে বাড়ি ফিরে এসে দেখেন, ছেলে নবীরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নবীরের বড় ভাই নাইম ইসলাম বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায়।

উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *