
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে এক হাজার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন সরকার মিঠু, ছাত্রদলের সভাপতি সাদেকুল ইসলাম পাভেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এক অনন্য নাম। দেশের অর্থনৈতিক মুক্তি, উৎপাদনমুখী উন্নয়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতিকে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ছিল আত্মনির্ভরশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।
মন্ত্রী আরও বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান মানুষদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।