👁 539 Views

ঈদ জামাত ঘিরে রংপুরে নিরাপত্তার বলয়, মাঠে র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম

রংপুর ব্যুরো:  রংপুরে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর ঐতিহ্যবাহী কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠে কাজ শুরু করেছে র‍্যাব-১৩ এর বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল টিম)। একই সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার (২৭ মে) বেলা সোয়া ১১টায় কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, রংপুর জেলার প্রধান ঈদ জামাতে প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। তাই ঈদকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাঠ ও আশপাশের এলাকায় টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি কার্যক্রম।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে ছিনতাই, চুরি কিংবা যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমুখী প্রস্তুতি।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে নিরাপদ, স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা। যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *