👁 466 Views

ধর্ম পালনে অন্যের শান্তি বিঘ্নিত না করার আহ্বান — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

পিএম হামিদুর রহমান হামিদ, রংপুর ব্যুরো:   রংপুর, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):  ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ধর্ম পালনের ক্ষেত্রে এমন সচেতনতা ও দায়িত্বশীলতা থাকতে হবে যাতে অন্যের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা কোনোভাবেই ব্যাহত না হয়।
তিনি বলেন, “প্রত্যেক ধর্মাবলম্বীর নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে পারলে গড়ে উঠবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ।”  মঙ্গলবার (২৬ মে) দুপুরে লালমনিরহাটের গৌরীশঙ্কর বিদ্যাবিথী মাঠে নির্মাণাধীন মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন, ঐতিহ্যবাহী ও সর্বজনীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “যেকোনো সংগঠনের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হলো ঐক্য। সংগঠনের কার্যক্রমকে আরও সুপরিকল্পিত ও কার্যকর করতে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রয়োজন।” একইসঙ্গে যারা সংগঠনের জন্য অধিক সময় ও শ্রম দিতে সক্ষম, তাদের সমন্বয়ে একটি কার্যকর ও শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দেন তিনি।
এ সময় সোসাইটির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন মন্ত্রী।
গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সভাপতি হীরালাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় শিবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সদস্য, সুধীজন ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *