
সিরাজগঞ্জ প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য করায় ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন । আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহন করে সমন জারির নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর কর্ণেল বলেন, মামলাটি আদালত গ্রহন করেছেন। প্রথমে আদেশের জন্য রাখেন। পরবর্তীতে আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বাদী অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিএনপির জন সমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির নেতা-নেত্রী সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আসছেন। এ অবস্থায় একটি ইসলামী ওয়াজ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য করেন। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধরণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমির হামজার আপত্তিকর বক্তব্য বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে। বক্তব্যটি বাদী শুনে হতভম্ভ হয়। আমির হামজার মানহানিকর বক্তব্য শুনে বাদী নিজে আহত, মর্মাহত ও ক্ষুদ্ধ হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগে তিনি আামির হামজাকে গ্রেফতারী পরোয়ানা মুলে আদালতে হাজির করে ন্যায় ও সুবিচার করার আবেদন করেন।
জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আমির হামজার কুরুচিপুর্ন বক্তব্য জিয়া পরিবারসহ বিএনপি নেতাকর্মীদের ভাবমুর্তিক্ষুন্ন হয়েছে। এ কারনেই জেলা বিএনপির পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। ###