
নাজিম হাসান,রাজশাহী তাহেরপুর প্রতিনিধি:
দেশে জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে রাজশাহীতে গড়ে উঠেছে শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট। এদের দৌরাত্ম্যে পেট্রোল এবং অকটেনের জন্য সাধারণ মোটরসাইকেল চালকদের মধ্যে দেখা দিয়েছে চরম হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বাধ্য হয়ে তারা দ্বিগুণ দামে বাইরে থেকে পেট্রোল ও অকটেন কিনছেন। এভাবে সিন্ডিকেট সদস্যরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ চালকদের পকেট কাটছেন। আর এসব ফিলিং স্টেশন বা পাম্প থেকে তেল সংগ্রহে সিন্ডিকেটের সদস্যরা নিয়েছেন অভিনব কৌশল। এর অংশ হিসাবে যেসব পাম্পে তেল দেওয়া হবে, তার আগের দিন দুপুর থেকে বিকালের মধ্যেই পাম্প সীমানার মধ্যে রেখে আসছেন মোটরসাইকেল।
এক্ষেত্রে তাদের সহযোগিতা করছেন পাম্পের নৈশপ্রহরীরা। অভিযোগ রয়েছে, সিরিয়ালে থাকা সাধারণ মোটরসাইকেল চালকরা বঞ্চিত হলেও সিন্ডিকেট চক্রের সদস্যরা পাম্পের কর্মচারীদের ‘উৎকোচ’ দিয়ে দ্বিগুণ পরিমাণ তেল নিচ্ছেন। কর্মহীন বেকার তরুণরা এ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। এর মাধ্যমে তারা প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা আয় করছেন। এছাড়া রাজশাহীর নয়টি উপজেলার পাম্পগুলোতেও একই অবস্থা বিরাজ করছে।
