👁 176 Views

যশোরের শার্শায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আপন হোসেন (১৬) ও মিলন হোসেন (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আপন হোসেন শার্শা উপজেলার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে এবং মিলন হোসেন একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ওই দুই যুবক মোটরসাইকেল যোগে শার্শার বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *