
সিরাজগঞ্জ প্রতিনিধি মাদক, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত কাজিপুর উপজেলা গড়তে জিরো টলারেন্স ঘোষনা করেন সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের একাংশ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা। তিনি বলেন, কাজিপুর থেকে সন্ত্রাস চাঁদাবাজ মাদক নির্মূল করা হবে। যারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে স্বদল বলে নির্মূল করা হবে। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করা হবে।
কাজিপুরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল তিনটায় কাজিপুর উপজেলার বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়, চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করবো। কাজিপুরের প্রতিটি রাস্তাঘাট,ব্রিজ কালভার্ট,
মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মী প্রতিষ্ঠানে সর্ব প্রথম অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। আমরা ভালো কাজের সাথে আছি তবে মন্দ কাজ যে বা যারা করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।
চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসিন রেজার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাড. রবিউল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তার বাবা মরহুম আফজাল হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।