👁 342 Views

বিরলে অবৈধভাবে আলুক্ষেত নষ্টের অভিযোগ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। ‎বিরলে অবৈধভাবে ১বিঘা জমির আলুক্ষেত নষ্টের অভিযোগ পাওয়া গেছে।
‎এ বিষয়ে উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের ধুলাতৈড় গ্রামের মৃত. ফজলার রহমান এর ছেলে মোঃ আব্দুল্লাহ (৪৫) বাদী হয়ে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ী গ্রামের খচি মোহাম্মদ এর ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩২) এবং মৃত. সিদ্দিক এর স্ত্রী মোছাঃ ঝেলেঙ্গী বেওয়া (৫৬) এর বিরুদ্ধে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
‎মোঃ আব্দুল্লাহ অভিযোগে বলেন, বিরল থানাধীন বিশ্বনাথপুর মৌজার ২৩৬ নং জেএল ১৯৬নং খতিয়ান এবং ৫২৪নং দাগের ২০ শতক জমি আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হই। কিন্তু উক্ত জমি নদী সংলগ্ন হওয়ায় এতদিন নদীতে জমি ডুবে ছিল। চর জাগার কারনে উক্ত জমি বের হওয়ার পর আমার অগোচরে উপরোক্ত ব্যক্তিদ্বয় আমার জমিতে চাষাবাদের চেষ্টা করে। আমি উহার প্রতিবাদ করায় মোঃ ফরিদুল ইসলাম বাদী হয়ে অত্র থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে থানার মধ্যস্ততায় উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনায় আমি উক্ত জমির দলিল-দস্তাবেজ দেখালেও তাদের দাবীর স্বপক্ষে কোন প্রকার দলিল দস্তাবেজ দেখাতে পারেনি। যার কারণে নালিশী জমির উপর তাদের দাবী পরিত্যাগ করতে বাধ্য হয়। আমি নালিশী জমিসহ নালিশী জমি সংলগ্ন আমার চাচাদের এক বিঘার একটু বেশি জমি বন্ধক নিয়ে মোট দেড় বিঘা জমিতে বর্তমান মৌসুমের আলু রোপন করে পরিচর্যা করে আসছি। এমনিভাবে চলাকালে আমি গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল অনুমান ৭ টায় নালিশী জমিসহ তৎসংলগ্ন আমার বন্ধক নেওয়া জমির আলু ক্ষেত পরিচর্যা করতে গিয়ে দেখি যে, আমার প্রায় এক বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলে আলু গাছ গুলো জমি সংলগ্ন নদীর পাড়ে পুতে রাখা হয়েছে। যাতে আমার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। বর্ণিত ঘটনাটি ‎মোঃ ফরিদুল ইসলাম এবং মোছাঃ ঝেলেঙ্গী বেওয়া যে কোন সময় সংগঠিত করেছে। বর্ণিত ঘটনার বিষয়ে মোঃ ফরিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে আমাদের এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ বাবু মেম্বার এবং কিটনাশক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান দ্বয়ের সম্মুখে আমার আলু ক্ষেতের আলু গাছ উপড়ে ফেলার কথা দাম্ভিকতার সহিত স্বীকার করে উল্টো আমাকে হুমকী দিয়ে বলে যে, ভবিষ্যতে পূণরায় আমার জমির ফসল নষ্ট করবে। আমি যেন পারলে ঠেকাই। এছাড়াও উক্ত বিষয়ে বেশি বাড়াবাড়ী করলে আমাকেসহ আমার পরিবারের সদস্যদেরকে রাস্তা-ঘাটে সময় সুযোগমত এককী পেলে আমাদেরকে মারপিট করাসহ খুন-জখমের হুমকি প্রদান করে । উক্ত ঘটনা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।