
মোঃ আমজাদ হোসাইন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: একসময় গ্রামবাংলার মানুষের যাতায়াত ও কৃষিকাজের অন্যতম প্রধান বাহন ছিল গরুর গাড়ি। কৃষকের ধান, পাটসহ নানা ফসল পরিবহন থেকে শুরু করে মানুষের দৈনন্দিন প্রয়োজনে এই বাহনের ব্যবহার ছিল ব্যাপক। কিন্তু আধুনিক যানবাহনের দাপটে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই বাহন। তবে সেই পুরোনো ঐতিহ্য আজও ধরে রেখেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ছালাবোনা পাড়ার তিন ব্যক্তি।
তারা হলেন—হাড়িয়ারকুঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাইদার রহমান, আব্দুস ছামাদ ও আব্দুল কাদের। তাদের পিতা মৃত ছহির উদ্দিন। আধুনিকতার ছোঁয়ায় চারপাশ বদলে গেলেও তারা এখনো গরুর গাড়ি ব্যবহার করে আসছেন। আবহমান গ্রামবাংলার সেই চিরচেনা ঐতিহ্যকে নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছেন তারা।
সাম্প্রতি এমনই এক দৃশ্য চোখে পড়ে ডাঙ্গিরহাট এলাকায়। গরুর গাড়িতে ধান বোঝাই করে হাটে আসছিলেন গাড়িয়াল ছাইদার রহমান। ব্যস্ত সড়কে হঠাৎ গরুর গাড়ি দেখে পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে দেখা দেয় কৌতূহল। অনেকেই দাঁড়িয়ে গাড়িটি দেখেন, কেউ কেউ আবার মোবাইল ফোনে ছবি তোলেন।
গরুর গাড়ি দেখে উৎসুক মানুষের কেউ বলছেন, ‘অনেক দিন পর একটি গরুর গাড়ি দেখলাম।’ আবার কেউ বলছেন, ‘এখন তো আর গরুর গাড়ি চোখেই পড়ে না।’ অন্যদের মন্তব্য, ‘আধুনিকতার যুগেও পুরোনো স্মৃতি ও ঐতিহ্য ধরে রেখেছেন তারা।’
একসময় গ্রামবাংলার প্রতিটি জনপদে গরুর গাড়ির চাকা ঘুরত। বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে গ্রামের মেঠোপথে গরুর গাড়ির চলাচল ছিল নিত্যদিনের দৃশ্য। গাড়ির চাকার ক্যাঁচক্যাঁচ শব্দ আর গরুর গলার ঘণ্টার ঢং ঢং আওয়াজ গ্রামীণ জীবনের পরিচিত অনুষঙ্গ ছিল। সময়ের পরিবর্তনে সেই দৃশ্য এখন অনেকটাই স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে।
তবে ছাইদার রহমান, আব্দুস ছামাদ ও আব্দুল কাদেরের মতো মানুষের হাত ধরে এখনো বেঁচে আছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই বাহন। তাদের গরুর গাড়ি শুধু ধান পরিবহনের বাহন নয়, বরং নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন।