👁 140 Views

কলাপাড়া ও কুয়াকাটায়  সাজ সাজ রব, শত বছরের ঐতিহ্যে রাস উৎসব শুরু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুণ্যস্নান, নামকীর্তন ও রাসমেলাকে ঘিরে উপকূলজুড়ে বইছে উৎসবের আমেজ। পাঁচ দিনব্যাপী এ উৎসবে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজকদের। উৎসবকে ঘিরে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুসারে, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে রাস পূর্ণিমা উৎসব পালিত হয়। রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও ভক্তির মধ্য দিয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এ উৎসব। যুগ যুগ ধরে পূজা-অর্চনা, কীর্তন, ধর্মীয় আলোচনা ও নানা লোকজ আয়োজনের মধ্য দিয়ে রাস উৎসব উদযাপিত হয়ে আসছে। কুয়াকাটার সমুদ্রসৈকতে পুণ্যস্নান এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।

উৎসব উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে নতুন সাজে। কারিগরদের রং-তুলির নিপুণ ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পুণ্যস্নান। পরে ওইদিন বিকেল থেকে কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা।

রাস উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। মেলায় বিভিন্ন খাবার, পোশাক, খেলনা, স্থানীয় পণ্য ও লোকজ সামগ্রীর পসরা সাজিয়ে বসবেন ব্যবসায়ীরা। ধর্মীয় উৎসবের পাশাপাশি এ আয়োজন স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উৎসবকে কেন্দ্র করে আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানিয়েছেন, উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।