
আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূর্ণিমা উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাস পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।