
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাস ফ্লাইওভারে ফেলে রাখা বোমা সদৃশ বস্তুটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি ধ্বংস করা হয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর শহরের প্রধান সড়কের রেলওয়ে ওভারপাস ফ্লাইওভারের মাঝামাঝি স্থানে লাল কসটেপ দিয়ে পেঁচানো একটি বড় কৌটা পড়ে থাকতে দেখেন সেখানে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী। বস্তুটি দেখতে বোমার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে ঘাটাইল সেনানিবাস থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত সাড়ে ১০টার দিকে ইউনিটের সদস্যরা বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বোমা সদৃশ বস্তুটি ফ্লাইওভার থেকে সরিয়ে নেন। পরে সেটি ফ্লাইওভারের নিচে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়।
সেখানে রাত সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং বিস্ফোরণের সঙ্গে আগুনের ঝলকানি দেখা যায়।
অন্যদিকে, প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১১টার দিকে রেলওয়ে ওভারপাস ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেস আলী মামুন, পুলিশ সুপার ফারহানা ইয়াছমিন, জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব, ফায়ার সার্ভিসের টিম এবং সেনাবাহিনীর বোমা ডিজপোজাল টিম।