👁 465 Views

রাজনগরে ঝটিকা মিছিল, দুই স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: পূর্বঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মৌলভীবাজারের রাজনগরে ভোররাতে ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে স্লোগান এবং পৃথক দুটি স্থানে গাছ কেটে সড়কে ফেলে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের রাজনগর অংশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে একই রাতে চাটুরা ও নন্দীউড়া এলাকায় সড়কের পাশে থাকা দুটি বড় আকাশমণি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। চাটুরায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এবং নন্দীউড়ায় মৌলভীবাজার-সিলেট সড়কে গাছ ফেলে রাখায় যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে চাটুরা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে দুটি স্থানে গাছ কেটে সড়কে ফেলে রাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় গাছ দুটি অপসারণ করা হয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং যানজট নিরসন করা সম্ভব হয়।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাগুলো পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।