👁 30 Views

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন মামলায় ২১ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মালামাল ওঠানামা করায় দুই চালককে ২০ হাজার টাকা এবং মাদক আইনে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকালে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুল হক চৌধুরী সেনবাগ পৌরসভার সেনবাগ-কানকিরহাট সড়কের দক্ষিণ বাজারে সপ্তরূপা স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মালামাল ওঠানামা করার অপরাধে মোটরযান আইনে দুই চালককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে মাদক আইনে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী জানান, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।