
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় অবস্থিত ধানকুঁড়া রিসোর্টে চলমান মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ সব অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ এবং রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইস্তারঘাট বাজারে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এলাকাবাসীর দাবি, ধানকুঁড়া রিসোর্টে চালুকৃত মাদক ব্যবসা, জুয়া ও সকল প্রকার অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। এলাকার যুবসমাজ ও নৈতিকতা রক্ষায় বিতর্কিত এই রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করতে হবে।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু চক্র নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকার পরিবেশ নষ্টকারী এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানান, যদি অবিলম্বে এই রিসোর্টের অবৈধ কার্যক্রম বন্ধ করা না হয়, তবে এলাকার জনগণকে সাথে নিয়ে আরো কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম ও হৃদয় তালুকদার প্রমুখ।