
ঝিনাইদহ প্রতিনিধি:শনিবার ১৭ অক্টোবর ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে পৃথক দুটি ঘটনায় একই দিনে আপন ভাইদের নির্মম হামলায় অপর দুই ভাই খুনের শিকার হয়েছেন। জেলার সদর ও শৈলকুপা উপজেলায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যে এক ঘাতকের স্ত্রীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার (বকশিপুর)-চাঁদপুর গ্রামে আজ বিকেল পাঁচটার দিকে একটি হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক সামান্য বিরোধের জেরে আপন দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে প্রথমে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সুমন কোদাল দিয়ে ছোট ভাই সোহানের (২৭) মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহান ওই গ্রামের বাসিন্দা ইজাল উদ্দিনের ছেলে। মাত্র চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে নিহত সোহানের, বাবার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে চলছে মাতম।
পুলিশের ভাষ্য মতে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই সুমন পলাতক রয়েছে।
শৈলকুপার ঘটনার পর ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন শেষে নিহত মুজিবুল খাঁর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পৃথক এই সহোদর খুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে।
ঝিনাইদহ সদর থানা অসি মোঃ আসাদউজ্জামান এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি হুমায়ুন কবির মোল্লা জানান, পারিবারিক বিরোধ ও তাৎক্ষণিক উত্তেজনার জের ধরেই এই পৃথক হত্যাকাণ্ডগুলো ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক সুমনসহ জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।