👁 405 Views

বিরলে রেলওয়ের সম্পত্তির দখল নিয়ে বিরোধে মারপিটে এক মহিলা আহত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলে রেলওয়ের সম্পত্তির দখল নিয়ে বিরোধে মারপিটে এক মহিলা আহত হয়েছে। আহতর পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিরল উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের শ্রী বিধু চন্দ্র রায় এর ছেলে শ্রী রতন চন্দ্র রায় (৩৭) অভিযোগে জানান, ২০২ নং জেএলভূক্ত ভবানীপুর মৌজার খাম্বা নং ২৫৫/২১ হইতে ২৫৬/২২ পর্যন্ত ১৯ শতক ভবানীপুর রেললাইন সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের নামীয় সম্পত্তি পর্তন ও খাজনা প্রদান করে আনুমানিক ৪১ বছর ধরে ভোগ দখল করে আসা সম্পত্তি একই ইউনিয়নের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ আরফিন (৩৩) জোর পূর্বক জবর দখল করার জন্য চেষ্টা করে। আমি ও আমার পরিবারের লোকজন তাকে বাঁধা নিষেধ করলে সে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। আমার পিতা তার নামীয় উক্ত ভোগ দখলীয় সম্পত্তিতে ১০টি কাঁঠাল গাছ রোপন করে। এমতাবস্থায় গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৫.৩০ টায় আমার পিতার রোপন করা কাঁঠাল গাছ উঠিয়ে ভেঙ্গে আনুমানিক দুই হাজার টাকা ক্ষতি সাধন করে ফেলার সময় আমার মাতা পুতুল বালা তাকে দেখতে পেয়ে নষ্ট করার কারণ জানতে চাইলে সে চড়াও হয়ে আমার মাতার চুলের মুঠি ধরে টানা হেচড়া করে বুকে, পিঠে, হাত, পা, মাথা মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কালোশিরা জখম করে এবং আমার মাতাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। সেই সময় আমার মাতার পড়নের জামাকাপড় ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং আমার মাতার তল পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরবর্তীর্তে আমার মাতাকে আহত অবস্থায় চার্জার ভ্যান যোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভূক্তভোগী পরিবারটি।