
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মোদক(৩৫)নামে এক হিন্দু ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সুপ্রভাত মোদক বেড়ার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামেরমিস্ত্রিপাড়ার সত্য চন্দ্র মোদক ওরফে লেদু কুড়ীর ছেলে।তিনি উপজেলার কাশীনাথপুর ‘দাদাভাই’খবার হোটেল নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ছিলেন। মঙ্গলবার(৬অক্টোবর)সকালে নিহতের বাড়ির পাশে একটি হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার(৫অক্টোবর)সুপ্রভাত ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় তাঁরা লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর আমিনপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইলফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে।রাত ১২টার দিকে তার মোবাইলফোনটি চালু পাওয়া যায়।একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে রাত ২টার দিকে আবারও তাঁর ফোনে কল ঢুকলেও কোনো সাড়া মেলেনি এবং অবস্থান নিশ্চিত হওয়া যায়নি ।
এরপর মঙ্গলবার(৬অক্টোবর)সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনের হলুদের ক্ষেতে সুপ্রভাতের ক্ষতবিক্ষত ও পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,কীভাবে সুপ্রভাতের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।ঘটনার রহস্য উদঘাটন এবং এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।