👁 456 Views

যশোরে কৃষকের লাশ উদ্ধার,পরিবারের অভিযোগ হত্যা 

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরের মরিচা গ্রামে নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক কৃষকের লাম উদ্ধার হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের জামাতা আবু তুহা। নিহত আব্দুল মালেক শেখ মরিচা গ্রামের ধলু মিয়ার ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় জমিতে যাওয়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। রাত ১০টার দিকে তার স্ত্রী বাড়ির পাশে ভ্যানটি দেখতে পান। তবে স্বামীকে না পেয়ে পরিবারের লাকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১২টার দিকে পাশের একটি বাড়িতে গিয়ে জানতে পারেন, আব্দুল মালেক সেখানে গিয়েছিলেন এবং পরে বের হয়ে গেছেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

জামাতা আবু তুহা জানান, সকালে সাড়ে ৯টার দিকে তার শাশুড়ি ফোন করে স্বামীর নিখোঁজ থাকার বিষয়টি তাদের জানান। পরে বাড়ির পাশের একটি সুপারি বাগানে আব্দুল মালেকের মরদেহ পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। লাশের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন আবু তুহা।#