👁 352 Views

নওগাঁর রাণীনগরে কথিত বিএনপি নেতার গোডাউন থেকে ১৮ বস্তা চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি গোডাউনে সরকারি চাল মজুদ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। বিষয়টি প্রশাসনকে জানানো হলে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

বুধবার রাণীনগর উপজেলার রেলস্টেশন মাছ বাজারের পাশে একটি গোডাউনে এ চাল মজুদ করে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ভিডিও ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানকে মুঠোফোনে বিষয়টি জানান চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি।

অভিযোগ রয়েছে, বিষয়টি প্রশাসনকে জানানোর পর ওই কথিত নেতা সংবাদকর্মীকে হুমকি-ধমকি দেন মামুনুর রশীদ ও অপরজনের নাম জানা যায়নি এবং ধারণ করা ভিডিও ফুটেজ জোরপূর্বক মুছে ফেলার চেষ্টা করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে গোডাউনে অভিযান চালান। এ সময় ৩০ কেজি ওজনের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

প্রশাসন জানায়, অভিযান পরিচালনার সময় গোডাউনটি তালাবদ্ধ ছিল। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চালগুলো জব্দ করা হয়। তবে এ সময় গোডাউনে কাউকে পাওয়া যায়নি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান মুঠোফোনে জানান, গোডাউনটি বন্ধ থাকায় তালা ভেঙে চাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। বিষয়টি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *