👁 303 Views

কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

 কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের দায়ে রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা জয় ঘোষের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করতেন, নানা ভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে কিশোরীর দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় রাজিব মরিয়া হয়ে ওঠেন।
এরই জের ধরে ২০২২ সালের ০২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজিব কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বললে কিশোরীকে বিয়ে করবেন বলে অঙ্গীকার করেন রাজিব।
এর পর একাধিকবার কিশোরীর দিনমজুর মা/বাবা বাড়িতে না থাকলে মেয়েটিকে ধর্ষণ করেন রাজিব। পরে বিয়ের কথা বললে রাজিব আর রাজি হননি। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ ডিসেম্বর রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *