
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য ও ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) হবিরবাড়ি ইউনিয়নের টংয়ের চালা জামে মসজিদ সংলগ্ন সহ ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন জিয়াউর রহমান জিয়া। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। মতবিনিময়কালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জিয়াউর রহমান জিয়া তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাজাহান কবির সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।