👁 84 Views

ঘোড়াঘাটে বজ্রপাতের ঝুঁকি ঠেকাতে তালবীজ রোপণ

 

ঘোড়াঘাট প্রতিনিধি :-
দিনাজপুরের ঘোড়াঘাটে বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার ৮০০ তালবীজ রোপণ করেছে উপজেলা আনসার ও ভিডিপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ২নং পালশা ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার আমড়া থেকে বুড়াবুড়ি সড়কের পাশে ৮০০টি এবং বুড়াবুড়ি থেকে বাঁশমুড়ি সড়কের পাশে আরও ১ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে এসব তালবীজ রোপণ করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপির সংশ্লিষ্টরা জানান, দেশে দিন দিন বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। মানুষের পাশাপাশি প্রতিবছর বজ্রপাতে মারা যাচ্ছে গবাদিপশুও। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমন ধারণা থেকেই তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, বজ্রপাত মোকাবিলা ও পরিবেশ রক্ষায় শুধু সরকারি প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠনের উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। সাধারণ মানুষকেও এ কাজে এগিয়ে আসতে হবে। তালের মৌসুমে তাল খাওয়ার পর বীজ ফেলে না দিয়ে বসতভিটার আশপাশে কিংবা রাস্তার ধারে রোপণের আহ্বান জানান তারা। চাইলে সংগ্রহ করা তালবীজ আনসার ও ভিডিপির কাছেও দেওয়া যাবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মোফাজ্জল হোসেন প্রধান , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ইয়াসমীন আরা বানু, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা চৈতী রাণী, ২নং পালশা ইউনিয়নের দলনেতা বাবুল আক্তারসহ ভিডিপির সদস্য ও সদস্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *