
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগ পৌরশহরের দীর্ঘদিনের খানাখন্দ ও গর্তে ভরা সড়কে ইটের আধলা ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দিয়েছে সেনবাগ পৌরসভা যুব জামায়াত।
মঙ্গলবার বিকেলে সেনবাগ প্রেসক্লাবের সামনে থেকে উপজেলা গেট হয়ে সরকারি হাসপাতাল ও ়জিস চৌধুরী বিল্ডিং সংলগ্ন মায়া হাসপাতাল পর্যন্ত সড়কের বিভিন্ন গর্তে ইটের আধলা ফেলে সংস্কার করা হয়।
ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করেন সেনবাগ পৌরসভা যুব জামায়াতের সভাপতি মো. আলাউদ্দিন আলো।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটির পুনর্নির্মাণকাজ শুরু হলেও গত কিছুদিন ধরে কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ আরও বেড়েছে।
এ পরিস্থিতিতে সাময়িকভাবে দুর্ভোগ কমাতে সড়কের গর্তগুলো ইট দিয়ে ভরাটের উদ্যোগ নেওয়া হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম।
এ সময় পৌর জামায়াতের আমির ইয়াসিন মিয়াজী, জামায়াতে ইসলামী যুব শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, ৪ নম্বর কাদরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু শাকের, পৌর যুব শাখার সভাপতি আলাউদ্দিন আলো, যুব শাখার সেক্রেটারি ইলিয়াসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা ইয়াছিন করিম বলেন, সড়কের প্রায় ৫০ গজ এলাকায় দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হওয়ায় মানবিক দিক বিবেচনা করে সাময়িকভাবে গর্তগুলো ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা সড়কের গর্তে ইট ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সাময়িক সংস্কারের পাশাপাশি দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ শেষ করার দাবি জানিয়েছেন।
