👁 91 Views

আইন,বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন নওশাদ জমির

পঞ্চগড় : জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়।
আইন পেশার অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার নওশাদ জমিরকে গুরুত্বপূর্ণ এই কমিটির নেতৃত্ব দেয়ায় পঞ্চগড়ে বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন,আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে কাজ করতে চাই। সংসদীয় তদারকির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার চেষ্টা থাকবে।
সংসদীয় নথি অনুযায়ী, জাতীয় সংসদদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে অনুমোদন দেয়া হয়। পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নওশাদ জমিরের পাশাপাশি আরও আটজন সংসদ সদস্যকে সদস্য করা হয়েছে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এ কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। আইন প্রণয়ন, বিচারব্যবস্থার কার্যকারিতা ও আইনি সংস্কারের ক্ষেত্রেও কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি আইন পেশার সঙ্গে যুক্ত। জাতীয় সংসদের এমন গুরুত্বপূর্ণ একটি কমিটির নেতৃত্ব পাওয়ায় জেলার মানুষের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়দের আশা, জাতীয় পর্যায়ের এই দায়িত্বে তিনি আইন ও বিচারসংক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি পঞ্চগড়ের মানুষের বিভিন্ন দাবি ও সমস্যাও সংসদে তুলে ধরার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *