
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সদর ও পার্শ্ববর্তী চার ইউনিয়নের চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
বুধবার (২৬ আগস্ট) নাজিরপুরের পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টে সদর ও পার্শ্ববর্তী চার ইউনিয়নের চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। কয়েকটি ধাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় ও বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদারসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব বিদ্যালয়ের সভাপতিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার নাজিরপুর উপজেলা প্রতিনিধি উথান মন্ডল, দৈনিক ইনকিলাবের নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল হক, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল আমিন হাজরা, দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মো. বাবুল শেখ, ঢাকা মেইল ও কালের কণ্ঠের প্রতিনিধি অহিদুজ্জামান চঞ্চল, দৈনিক যায়যায়দিন ও এনটিভি অনলাইনের প্রতিনিধি মো. মশিউর রহমান এবং দৈনিক মানবজমিন পত্রিকার নাজিরপুর প্রতিনিধি হাসান তালুকদার।
অনুষ্ঠানে পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়,এটি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের মতো শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকা প্রয়োজন।
তিনি বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উৎসাহ ও অনুপ্রেরণা আরও দৃঢ় হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
সভাপতি তাঁর বক্তব্যে পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার বিষয়টিও তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি আধুনিক ও প্রয়োজনীয় একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান। তিনি বলেন, বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও উপযোগী পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।
এ বিষয়ে পিরোজপুর-১ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইয়ের কার্যকর সহযোগিতা কামনা করেন মো. রাসেল সিকদার। তিনি বলেন, বিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হলে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান ও লেখাপড়ার পরিবেশ আরও উন্নত হবে এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতি আসবে।
আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার জানান, শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
খেলা শেষে চ্যাম্পিয়ন বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দেরও সম্মাননা ও ট্রফি তুলে দেওয়া হয়।
পুরো আয়োজন ঘিরে শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।