
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় অস্ত্র ব্যবসায়ীর স্বীকারোক্তির পর উন্নতমানের বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বসতবাড়ির নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে রক্ষিত গোবরের ঘষির বস্তার মধ্যে থেকে এই বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পাবনার নতুন পুলিশ সুপার মো: ছুফিউল্লাহ যোগদানের দিনই অস্ত্র উদ্ধারে নামেন এবং সফলতা পান।
সুত্র জানায়, গত ২৬ এপ্রিল পাবনা সদর উপজেলার শুকচর গ্রামের আবুল হোসেনের ছেলে অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৬) কে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। ঐ মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। তদন্তের স্বার্থে আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে সদর থানাধীন চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের উক্ত স্থান থেকে বার্মিজ ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। অস্ত্রটি যথাযথ নিয়মে জব্দ করা হয়েছে।
পাবনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান জানান, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে, আসামি একজন কুখ্যাত অস্ত্র চোরাকারবারি এবং অত্যন্ত কৌশলী প্রকৃতির ব্যক্তি। জেলা গোয়েন্দা শাখার কাছে আসামির অস্ত্র সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাই প্রক্রিয়াধীন আছে। এ ছাড়াও, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।
পাবনার নবাগত পুলিশ সুপার মো: ছুফিউল্লাহ জানান, আমি পাবনা জেলার আইন শৃংখলা রক্ষার জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করবো। অস্ত্র মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অবস্থান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।