
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিনমারী গ্রামে আজিজা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে তিন দিন অনাহারে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী আপেল মিয়ার (৩০) বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, বাবার বাড়ি থেকে টাকা না আনলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে আজিজার সঙ্গে আপেল মিয়ার বিয়ে হয়। তাঁদের আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। সংসার টিকিয়ে রাখতে জামাইকে ৩ লাখ ৬০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার দেওয়ার দাবিও করেছে পরিবার।
গত ৯ আগস্ট নির্যাতনের পর ১০ আগস্ট ভোরে আজিজা গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আজিজার অভিযোগ, বাবার বাড়ি থেকে টাকা ও চাল এনে দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও জীবননাশের হুমকি দেওয়া হয়। এর আগেও ৪-৫ বার নির্যাতনের শিকার হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে দাবি করেন।
ভুক্তভোগীর পরিবার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আজিজা ও তাঁর শিশুসন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। অভিযুক্ত আপেল মিয়ার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।